লং মার্চ স্থগিত, এবার অনশন কর্মসূচি ও ক্লাস বর্জনের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
![]() |
| কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচির দৃশ্য |
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের তিন দফা দাবির মধ্যে অন্যতম — মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
আগামীকাল দুপুর ২টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আমরণ অনশন শুরু করবেন। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করারও ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন,
“বিভিন্ন রাজনৈতিক নেতাদের অনুরোধে আপাতত ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আন্দোলন বন্ধ নয়, আমরা অনশন থেকে শুরু করে পরবর্তী ধাপে যাব।”
এর আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় শিক্ষক নেতারা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব পেশ করেন।
উপদেষ্টা ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিলেও শিক্ষক নেতারা তা প্রত্যাখ্যান করেন এবং বলেন—
“এখনই ১০ শতাংশ দিন, পরের বাজেটে আরও ১০ শতাংশ দিন; বিষয়টি স্পষ্টভাবে প্রজ্ঞাপনে থাকতে হবে।”
বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে ১৬ সদস্যের প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি সাংবাদিকদের বলেন,
“আলোচনা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। আমরা কেঁদে বলেছি— আমাদের ন্যূনতম জীবিকা নিশ্চিত করুন। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন।”
এর আগে গত রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবরোধ কর্মসূচি।
সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পরদিন সোমবার থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন,
যা পরবর্তীতে আমরণ অনশন কর্মসূচিতে রূপ নিচ্ছে।

Post a Comment